নয়াদিল্লি : মোদী জমানায় আরও একবার প্রকাশ্যে এল ‘ব্রেন ড্রেন'(Brain Drain)-এর প্রতিচ্ছবি। খোদ কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানই বলছে, প্রতি বছর ২ লক্ষেরও বেশি ভারতীয় দেশ ছাড়ছেন। গত ১৪ বছরে ২০ লক্ষের বেশি ভারতীয় দেশ ছেড়েছেন। পাঁচ বছরে সংখ্যাটা প্রায় ৯ লক্ষ। ২০২২ সাল থেকে নিয়মিত ভারত ছাড়ছেন ২ লক্ষের বেশি মানুষ।
বিদেশে ভালো চাকরি বা ব্যবসার সুযোগ পেলে সাধারণত এভাবে দেশ ছাড়েন নাগরিকরা। বিদেশি সংস্থায় মোটা মাইনের চাকরি বা অন্য দেশে ভালো সুযোগ-সুবিধার আশায় অনেক সময় দেশের সেরা মেধাবীরা ভিনদেশে পাড়ি দেন। যাকে বলা হয়, ‘ব্রেন ড্রেন’।(Brain Drain) এই ‘ব্রেন ড্রেন’ যে কোনও উন্নয়নশীল দেশের জন্য উদ্বেগজনক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর দাবি করেন, তাঁর ‘আত্মনির্ভর’ ভারতে নাগরিকদের জীবনযাত্রার মান বেড়েছে। কমেছে জটিলতা। কিন্তু বাস্তব চিত্র পুরোটাই আলাদা।
সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক বলছে, ২০১১ থেকে ২০২১ পর্যন্ত প্রতি বছর নাগরিকত্ব ত্যাগের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজারের মধ্যে ঘোরাফেরা করেছে। এর মধ্যে বছর তিনেক কংগ্রেসি শাসন ছিল। ২০২২ সাল থেকে সংখ্যাটা প্রতিবছর ২ লক্ষের বেশি। এপ্রসঙ্গে ওয়াকিবহাল মহলের মতে, গত কয়েক বছরে ভারতের করকাঠামো জটিল হয়েছে। ভালো কাজের সুযোগ কমছে। তাছাড়া দূষণ, অসহিষ্ণুতা, হিংসা, জঙ্গি হানার মতো ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে শিক্ষিত, উচ্চাকাঙ্ক্ষী ভারতীয়দের মধ্যে।
এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয়দের নাগরিকত্ব ছাড়ার প্রবণতা :
২০২৪ : ২,০৬,৩৭৮ জন।
২০২৩ : ২,১৬,২১৯ জন।
২০২২ : ২,২৫,৬২০ জন
২০২১ : ১,৬৩,৩৭৯ জন।
২০২০ : ৮৫.২৫৬ জন।




