কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগেই জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার একাধিক জনসভা ও রোড শো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে উলুবেড়িয়া, বারুইপুর, ভাঙড়, সোনারপুর ও শিবপুরে তাঁর সভার কর্মসূচি। তারপরেই হাওড়া শহরে একটি রোড শোতে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথমে পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা মমতার। এখান থেকে বারুইপুরের পূর্ব ও পশ্চিম দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা। এদিন ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার সমর্থনে ভোজেরহাট ফুটবল মাঠে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
শনিতে সোনারপুর দক্ষিণের তারকা প্রার্থী লাভলি মৈত্র সমর্থনে প্রচার মমতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কর্মসূচি রয়েছে হাওড়া জেলায়। হাওড়া উত্তর ও হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী ও অরূপ রায়ের সমর্থনে শরৎ সদন মেইন রোড থেকে পিলখানা মোড় পর্যন্ত পদযাত্রা করবেন দলনেত্রী। এই কর্মসূচি শুরু হবে বিকেল সাড়ে তিনটে নাগাদ।




