কলকাতা: সোমবারের মধ্যেই কলকাতায় গরম বাড়বে। নাজেহাল অবস্থা হতে চলেছে তিলোত্তমার। তবে শনিবার দুপুর-বিকেল হতেই ধেয়ে আসতে পারে কালবৈশাখী। হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও আগামীতে বাড়বে তাপমাত্রা। সোমবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমানে। মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনিবার থেকেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে।
উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উপরের ৫ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। নিচের ৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবি-সোমেও উপরের পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি চলবে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। তা ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশায়। ফলস্বরূপ প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তাতেই অস্বস্তি ও ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।




