কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় ঘুরে জোরদার প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফিরে এসেছেন নিজের কেন্দ্র ভবানীপুরে। শেষ লগ্নে এসে টানা চার দিন এবার নিজের ঘাঁটি ভবানীপুরে মানুষের আশীর্বাদ চাইতে পথে নামবেন জননেত্রী। আগামী ২৩ এপ্রিল থেকে নিজের নির্বাচনী কেন্দ্রের আটটি ওয়ার্ডেই জনসভা ও নির্বাচনী পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একটি বড় ওয়ার্ডের দুই প্রান্তে দু’টি জনসভা করবেন তৃণমূলনেত্রী। তবে পাশাপাশি অন্যান্য বিধানসভা কেন্দ্রেও প্রচার কিন্তু থামবে না।
জানা গিয়েছে, ২৪ এপ্রিল দুপুরে যাদবপুর ৮বি থেকে বিশাল র্যালিতে হাঁটবেন মমতা। ওই পদযাত্রায় যাদবপুর, টালিগঞ্জ, রাসবিহারী, কসবা ও বালিগঞ্জের পাশাপাশি নিজের ভবানীপুর কেন্দ্রও ছুঁয়ে যাবেন তিনি। সূত্রের খবর, নেত্রীর সমর্থনে ভবানীপুরের পাশাপাশি কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় তৃণমূলের পক্ষে প্রচারে আসতে পারেন অখিলেশ যাদব, হেমন্ত সোরেনের মতো অন্য রাজ্যের হেভিওয়েট নেতৃত্ব। ইতিমধ্যে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচারে নেমেছেন সৈকত মিত্রের মতো সংগীতশিল্পী, বর্ণালী মুখোপাধ্যায়ের মতো সিঙ্গুর আন্দোলনের নেত্রীরাও।
গোটা বাংলায় দলের প্রার্থীদের সমর্থনে প্রচার করে ফিরে এসে নিজের কেন্দ্র ভবানীপুরে শেষলগ্নে টানা চারদিন মানুষের কাছে আশীর্বাদ চাইতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য ওই সময়ে একইসঙ্গে কলকাতা ও আশপাশের অন্যান্য কেন্দ্রেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যাবেন তৃণমূলনেত্রী। উল্লেখ্য, নেত্রীর নিজের কেন্দ্রে দলীয় প্রচারের রণকৌশল ও মিটিং-মিছিলের খুঁটিনাটি নিয়ে বৃহস্পতিবার সুব্রত বক্সির অফিসে বৈঠকে বসেন ভবানীপুরের সমস্ত কাউন্সিলর। বৈঠকেই এই সিদ্ধান্ত হয়।




