কলকাতা: দক্ষিণে জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখনই নেই। শীতপ্রেমীদের হতাশ করে বাড়তে পারে তাপমাত্রা। তবে বড়দিনের আগে নিম্নমুখী হতে পারে পারদ। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।(Meteorological Department) দক্ষিণবঙ্গে শীতের পথে বাধা এলেও উত্তরে কিন্তু ভরপুর আমেজ। উত্তরবঙ্গে শীতের দাপট অব্যাহত।
তাপমাত্রা বেড়েছে কলকাতার। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে। রাতের তাপমাত্রা ১ ডিগ্রি বেড়েছে। আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। আবহাওয়া শুষ্কই থাকবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি।
আগামী পাঁচ-সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল-সন্ধ্যা শীতের আমেজ সামান্য কমবে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। বড়দিন থেকে তাপমাত্রা কমতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর(Meteorological Department) জানাচ্ছে, উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভরপুর শীত। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলা অর্থাৎ মালদহ ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।




