সল্টলেক: মঙ্গলবার সকালেই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় আনন্দলোক হাসপাতালে। সল্টলেকের করুণাময়ীর কাছে অবস্থিত এই বেসরকারি হাসপাতালে আচমকাই দোতলার অপারেশন থিয়েটার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতালের একটি বড় অংশ।
ঘটনার সময় হাসপাতালে প্রায় ৭০-৭২ জন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই তড়িঘড়ি নিচে নামতে শুরু করেন, ফলে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়। যদিও হাসপাতালের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে একে একে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে আনেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন এবং একই সঙ্গে গোটা ভবন তল্লাশি চালিয়ে দেখেন কেউ ভিতরে আটকে রয়েছেন কিনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই এবং সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
দমকলের প্রাথমিক অনুমান, অপারেশন থিয়েটারের এসি মেশিনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন। অগ্নিকাণ্ডের ফলে অপারেশন থিয়েটারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু রোগীকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
যদিও কিছু রোগীর পরিবারের অভিযোগ, যাঁদের অবস্থা গুরুতর ছিল না, তাঁদের হাসপাতালের বাইরে বসিয়ে রাখা হয়। হাতে স্যালাইনের বোতল নিয়ে অনেক রোগীকে বাইরে বসে থাকতে দেখা যায়, যা নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতালের জরুরি ব্যবস্থাপনা নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং সব রোগীই নিরাপদ রয়েছেন।



