কলকাতা: বাংলার প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে ২৩ এপ্রিল। তার আগেই নির্বাচন সংক্রান্ত একাধিক বিধি জারি করে বিতর্কের মুখে নির্বাচন কমিশন। এবার কমিশনের কোপ পড়ল বাইক আরোহীদের ওপর। ভোটের দু’দিন আগে থেকেই মোটরবাইক চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করা হল। কমিশনের এহেন সিদ্ধান্ত ঘিরেই ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। রাজনৈতিক মহল কটাক্ষ করে বলছেন, এরপর কি সাইকেল চালানোতেও নিষেধাজ্ঞা জারি করা হবে!
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দু’দিন আগে স্পর্শকাতর এলাকায় নিষিদ্ধ হচ্ছে বাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল। এমনকী প্রত্যেকদিন সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিষিদ্ধ থাকবে মোটরবাইক চালানোও। জরুরি চিকিৎসা পরিষেবা কিংবা পরিবারের প্রয়োজনে বাইক চালানোর উপর রয়েছে ছাড়।
পাশাপাশি বিজ্ঞপ্তি অনুসারে, বাইকে আরোহী বসানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও আরোহীকে বসানো যাবে না বলে নিষেধাজ্ঞায় জানানো হয়েছে। স্কুল পড়ুয়াকে পৌঁছে দেওয়া, চিকিৎসার প্রয়োজনে কিংবা পারিবারিক দরকারে এই নিয়মে রয়েছে ছাড়।
এই কারণগুলি ছাড়া অন্য কোনও প্রয়োজনে ছাড় নিতে হলে, সংশ্লিষ্ট থানার থেকে লিখিত অনুমতি সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে বলে জানিয়েছে কমিশন। শুধু তাই নয়, এই নিয়ম যাতে কড়াভাবে পালন করা হয় সেজন্য জেলা প্রশাসন এবং পুলিশকে তা নিশ্চিত করতেও নির্দেশ কমিশনের। উল্লেখ্য, এই বিধি রীতিমতো বিতর্কের সূত্রপাত হয়েছে। বাইক চালকরাও যথেষ্ট চিন্তার মুখে পড়েছেন।




