পূর্ব বর্ধমান: ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে নির্বাচনী প্রচার। এই আবহেই জেলায় জেলায় একের পর এক সভা ও রোড শো করে প্রচারে ঝড় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিজেই মাঠে নেমে প্রচারের নেতৃত্ব দিচ্ছেন।
মঙ্গলবারের সূচি অনুযায়ী, বড়জোড়া বিধানসভা কেন্দ্রে সকাল ১১টা নাগাদ প্রথম জনসভা করেন। সেখানে তৃণমূল প্রার্থী গৌতম মিশ্রর সমর্থনে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অভিষেক। এরপর ঝাড়গ্রামে গিয়ে দ্বিতীয় সভায় অংশ নেবেন, যেখানে প্রার্থী মঙ্গল সরেনের পক্ষে প্রচার চালাবেন। আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলে দলের ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যেই এই সভা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দিনের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে পূর্ব বর্ধমানের ভাতারে। এখানে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করে রাজ্যের বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়াতে পারেন অভিষেক। রাজনৈতিক মহলের মতে, শেষ মুহূর্তে ভোটারদের প্রভাবিত করার জন্য এই ধারাবাহিক সভা বড় ভূমিকা নিতে পারে।
এরপর খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে একটি বড় রোড শো করবেন তৃণমূল নেতা। প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে মালঞ্চ পেট্রোল পাম্প থেকে প্রেম হরি ভবন মোড় পর্যন্ত এই রোড শো হবে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই এই কর্মসূচির মূল লক্ষ্য।



