নয়াদিল্লি : বহুদিন থেকেই বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কুৎসা ও অপপ্রচার করে আসছে বিরোধীরা। এবার খোদ কেন্দ্রের দেওয়া তথ্যই মুখে ঝামা ঘষে দিল তাদের। প্রমাণ হয়ে গেল, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় আইন-শৃঙ্খলা কতখানি শক্তিশালী। রাজ্যসভায়(Rajya Sabha) তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েন, মুখ্য সচেতক নাদিমুল হকদের প্রশ্নের জবাবে বুধবার কেন্দ্র যে জবাব দিল, তাতেই স্পষ্ট হয়ে উঠল ছবিটা।
এদিন ডেরেকের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানাল, ২০২১ সাল থেকে ২০২৩ সালে প্রবীণ নাগরিকদের উপর হওয়া বিভিন্ন বিচারাধীন অপরাধ কমেছে ৫৫ শতাংশ। আমেদাবাদ, সুরাত, জয়পুর-সহ দেশের অন্যান্য শহরে যা ঊর্ধ্বমুখী, বাংলায় তা নিম্নমুখী। ২০২৩ সালে কলকাতায় এমন মাত্র ছ’টি অভিযোগ নথিবদ্ধ হয়েছিল। প্রথম তিনে থাকা দিল্লি, বেঙ্গালুরু ও মুম্বইয়ে সেই সংখ্যা যথাক্রমে ১৩৬১, ৬৪৯ ও ৫১৮।(Rajya Sabha)
পাশাপাশি তফসিলি জাতি এবং জনজাতিদের উপর হওয়া বিভিন্ন আক্রমণ, হেনস্থা সংক্রান্ত প্রশ্নে নাদিমুলকে কেন্দ্র জানাল, ২০১৯ থেকে ২০২৩ সালে তফসিলি জাতি ও জনজাতিদের উপর বিভিন্ন মামলা বাংলায় কমেছে ২১ শতাংশ। উল্টোদিকে, সর্বভারতীয় ক্ষেত্রে যা বেড়ে হয়েছে ৩২ শতাংশ। রাজ্যসভার আর এক সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রের তরফে জানানো হল, তফসিলি জাতি, জনজাতিদের নাগরিক অধিকার রক্ষা করতে কেন্দ্রের থেকে বাংলা মাত্র ৪.৬৪ কোটি টাকা পেয়েছে। যেখানে ‘ডবল ইঞ্জিনের’ সরকার উত্তরপ্রদেশ ৮৯ কোটি, মধ্যপ্রদেশ ৮৮ কোটি এবং গুজরাত ৩০ কোটি-পেয়েছে। এই পরিমাণ বাংলার তুলনায় অনেক বেশি। ফলত, আরও একবার পরিষ্কার হল বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনামূলক আচরণ।




