শ্রীনগর : ভূস্বর্গে সন্ত্রাস দমনে ফের বড় সাফল্য পেল ভারতীয় সেনা।(Indian Army) সোমবার সকালে কুলগাম জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় অভিযানে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। অভিযান চলাকালীন এক সেনা আধিকারিক-সহ জখম হয়েছেন ৩ জওয়ান। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ওই অঞ্চলে আরও দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তাদের ঘিরে ফেলেছে সেনা।
সূত্রের খবর, কুলগাম জেলার গুড্ডার জঙ্গলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার গোপন খবর এসেছিল নিরাপত্তাবাহিনীর কাছে। সেইমতো প্রস্তুতি নিয়ে মাঠে নামে পুলিশ, সেনা(Indian Army) ও সিআরপিএফের যৌথ বাহিনী। জঙ্গল ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পিছু হঠার জায়গা না পেয়ে মরিয়ে হয়ে সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও দীর্ঘ গুলির লড়াইয়ের পর এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যু হয়েছে। অনুমান করা হচ্ছে, আরও ২ জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে। ফলে তল্লাশি ও গুলির লড়াই জারি রয়েছে জঙ্গলে।
গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর উপত্যকা থেকে সন্ত্রাসকে মুছে ফেলতে তৎপর হয়েছে সেনা। ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি চলছে জঙ্গিদমন। শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলায় যুক্ত ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়েছিল তারা। সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। সেই ডিভাইসের মাধ্যমে জঙ্গিদের লোকেশন জেনে নিয়েই অপারেশন চালায় সেনা। খতম হয় তিন জঙ্গি। গত মাসেই একাধিক অনুপ্রবেশের চেষ্টা হয় জম্মু ও কাশ্মীরে। আধাসেনার তৎপরতায় তা বানচাল হয়ে যায়।




