পাটনা: ভোটমুখী বিহারে এসআইআর(SIR)-এর নামে নির্বাচপ্ন কমিশন বিজেপির ষড়যন্ত্রকে বাস্তবায়িত করছে। এহেন অভিযোগ তুলেছে বিরোধীরা। এই আবহের মধ্যেই ফের ৩ লক্ষ ভোটারকে নোটিস পাঠাতে চলেছে নির্বাচন কমিশন। যাদের নাম খসড়া ভোটার তালিকাতে রয়েছে তারাও নিরাপদ নন। বাদ যেতে পারে তাদেরও নাম। নথির গরমিলের নামে আরও তিন লক্ষ ভোটারকে নোটিস পাঠাতে চলেছে কমিশন। এমনই দাবি করছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। এই সংবাদ প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক তুঙ্গে উঠেছে।
পূর্বেই ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। জানা গিয়েছে, এসআইআর(SIR) প্রক্রিয়ার পর বিহারের ৯৮.২ শতাংশ ভোটারই ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। এবার যে ৭ কোটি ২৪ লক্ষ ভোটার ফর্ম জমা করেছেন তাঁদেরও নাম বাদ পড়তে পারে। কমিশনের দাবি, এদের মধ্যেও নাকি নথিতে গরমিল বর্তমান। আবার কেউ কেউ নাকি বৈধ নথি জমা দেননি। এরকম প্রায় ৩ লক্ষ ভোটারকে আগামী সাতদিনের মধ্যে বৈধ নথি সহ ইআরও-দের কাছে হাজিরা দিতে বলা হয়েছে।
অতএব বোঝাই যাচ্ছে, ৬৫ লক্ষের তালিকেয় আরও সংযোজন হতে পারে। এমনিতেই ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কমিশনের দাবি, এর মধ্যে ২২ লক্ষ মৃত। ৩৬ লক্ষ স্থানাস্তরিত অথবা ঠিকানায় পাওয়া যায়নি। ৭ লক্ষের নাম একাধিক জায়গায় ছিল। আবার তিন লক্ষ মানুষকে নোটিস পাঠানোর খবর সামনে এল।
বিরোধীরা আগেই এসআইআর নিয়ে বারবার প্রতিবাদে সুর চড়া করেছেন। বৈঢ ভোটারদের নাম এভাবে কেটে দিচ্ছে কমিশন! এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্ট হিসেবেও তকমা দিয়েছেন। যেখানে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মিলছে বিহারে! স্বাভাবিকভাবেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।





