কলকাতা: ২৬ দিন আগেই শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’।(Amader Para Amader Samadhan) এই অল্পদিনের মধ্যেই সাফল্যের শিখরে এই কর্মসূচি। ২৬ দিনের মধ্যেই এই কর্মসূচিতে যোগদান করেছেন ১ কোটির বেশি মানুষ। এবার এই সাফল্যের কথা উল্লেখ করে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কৃতজ্ঞতা জানালেন বাংলা প্রতিটি মানুষকে যারা রাজ্য সরকারের উপর বিশ্বাস রেখেছেন।
সোশ্যাল মিডিয়াতে এই সাফল্যের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “অত্যন্ত গর্বের এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মাত্র ২৬ দিনে বাংলার ১ কোটিরও বেশি মানুষ রাজ্যজুড়ে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর(Amader Para Amader Samadhan) প্রায় ১৪ হাজার ৫০০টি শিবিরে এসে তাঁদের এলাকার সমস্যার নিরসনের লক্ষ্যে অংশগ্রহণ করেছেন। কোটির রেখা অতিক্রমে সকলকে অভিনন্দন। জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের ধন্যবাদ।”
তিনি আরও লেখেন, “বাংলার প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি, আমাদের মা- মাটি-মানুষের সরকার আপনাদের প্রতি দায়বদ্ধতা আরও সুনিশ্চিত করতে এবং আপনাদের সমস্যার আশু সমাধানে সবসময় আপনাদের পাশে আছে ও আগামী দিনেও থাকবে। কথা দিলাম।”
উল্লেখ্য, বাংলায় বিধানসভা ভোট নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বরাবরের মতোই বাংলার উন্নয়নে সিদ্ধহস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো তার অন্যথা হল না। চলতি বছরের জুলাই মাসে অর্থাৎ গত মাসে পাড়ার সমস্ত সমস্যার সমাধানের জন্য ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কর্মসূচিই সাফল্যের সংগে ২৬ দিন পার করে ফেলল। সোশ্যাল মিডিয়ায় তারই রিপোর্ট কার্ড তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।





