কলকাতা : এবার ক্যানসার চিকিৎসায় নয়া পদক্ষেপ নিল এসএসকেএম হাসপাতাল।(SSKM Hospital) বাড়তে চলেছে হেড-নেক সার্জারি পরিষেবা। এখন ইএনটির অপারেশন থিয়েটারে একটি মাত্র ওটি টেবিল বরাদ্দ রয়েছে হেড-নেক সার্জারির জন্য। ১ সেপ্টেম্বর থেকে তিনটি টেবিলে অপারেশন হবে। একদম আলাদা বিভাগ হিসাবে নিজস্ব অপারেশন থিয়েটার নিয়ে যাত্রা শুরু করবে হেড-নেক সার্জারি বিভাগ। এমনটাই জানালেন বিভাগের প্রাণপুরুষ অধ্যাপক ডাঃ অরুণাভ সেনগুপ্ত। তিনি জানান, অপারেশনের জন্য লাইন দিয়ে এই মুহূর্তে রয়েছেন প্রায় ২৫৬ জন ক্যানসার রোগী। এখন অপারেশন হলে রোগীদের হয়তো অনেকটাই সুস্থ করে তোলা যাবে।
এতদিন রোগীদের অনেকদিন অপেক্ষা করতে হত। এবার অপারেশন থিয়েটার যাত্রা শুরু করায় আশাবাদী রোগীরা, ডাক্তাররা। কারণ, অপারেশনের জন্য লাইন দিয়ে এই মুহূর্তে রয়েছেন প্রায় ২৫৬ জন ক্যানসার রোগী। এই কথা মাথায় রেখেই স্বাস্থ্যদফতরে হেড-নেকের ওটির পরিধি বাড়িয়ে ‘রিলোকেট’ করার অনুরোধ জানানো হয়। বর্ধিত পরিষেবা সামাল দিতে। নার্স-সহ কয়েকজন বাড়তি স্টাফ বরাদ্দ করা হয়েছে।
বর্তমানে এই বিভাগে একজন প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর, দু’জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছেন। এছাড়া দু’টি বর্ষ মিলিয়ে ৮ জন পোস্ট ডক্টরাল স্টুডেন্ট পাবে এই বিভাগ। (SSKM Hospital)এই ১২ জন মিলিয়ে পাঁচদিন ওটি চালাবেন, দু’দিন আউটডোর চালাবেন। এমনটাই জানালেন অরুণাভ সেনগুপ্ত। অপারেশন থিয়েটারে তিনটি ওটি টেবিল রয়েছে। চতুর্থ টেবিলও মজুত রাখা হচ্ছে। প্রয়োজনে তা কাজে লাগানো হবে। ওটির পাশেই থাকছে একটি রিকভারি রুম। থাকছে টাচ ফ্রি বেসিন, কম্পিউটার রুম। ওয়ার্ডে ভর্তি রাখার জন্য রয়েছে ১৭টি বেড, চারটি আইসিইউ।





