মালদহ: বিধানসভা নির্বাচনের ভোটপ্রচার চলছে জোরকদমে। রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন। শনিবার মালদহে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন! মালতিপুরের জনসভা সেরে গাজোল যাওয়ার সময় হেলিকপ্টারে ওঠার সময় নজরে পড়ে ড্রোনের গতিবিধি। কিছুক্ষণ হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে নিজে পর্যবেক্ষণ করেন তারপরেই বলেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।” ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার মালদহে একাধিক জনসভা ও রোড শো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুরে প্রথমে মালতিপুরে নির্বাচনী জনসভা করেন তিনি। তারপর যাওয়ার কথা গাজোলে। এদিন গাজোল যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার সময় আচমকা আকাশে দেখা যায় একটি রহস্যময় ড্রোন। স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর সফরের সময় আকাশপথ পরিষ্কার থাকার কথা। সেখানে এই ড্রোনের ঘোরাফেরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়।
বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী নিজে হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে রহস্যময় ড্রোনটির গতিবিধিতে নজরদারি চালান। এরপরই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেই ইঙ্গিতে দাবি করেন তিনি। বলেন, “কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।” ঘটনার পরই জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের সঙ্গে থাকা মোবাইল-সহ একাধিক গেজেট বাজেয়াপ্ত করা হয়েছে।




