নয়াদিল্লি: বৃহস্পতিবার মধ্যরাতেই রাজ্যসভায় পাশ হয়েছে ‘জিরামজি’ বিল।(‘Jiramji’ Bill) এবার তার বিরুদ্ধে রাতভর প্রতিবাদে নামলেন বিরোধী দলের সাংসদরা। সংসদ চত্বরেই লেপ-কম্বল মুড়ি দিয়ে সারারাত প্রতিবাদ তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ সহ একাধিক বিরোধী সাংসদরা।
মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি টাঙিয়ে রাখেন বিরোধী সাংসদরা। সেই ছবির ঠিক নীচেই লেপমুড়ি দিয়ে শুয়েছিলেন সাংসদরা। দিল্লিতে এখন বেশ ঠান্ডা। তাই সকলের জন্য পর্যাপ্ত গরম পোশাকের বন্দোবস্তও করা হয়েছিল। দিল্লিতে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ১০-১১ ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেই রাতভর ধর্নার সিদ্ধান্ত নিয়ে ফেলে তৃণমূল। দলের বয়স্ক সাংসদদের কথা মাথায় রেখে চাদর, গরম পোশাক এবং লেপ-কম্বলও নিয়ে আসা হয়। অবস্থান-বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।
সংসদের সামনে ধর্নায় ডেরেক, ঋতব্রত, সাগরিকা ছাড়াও ছিলেন মমতাবালা ঠাকুর, জুন মালিয়া, সুস্মিতা দেব, শতাব্দী রায় প্রমুখ। হাতে প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকেন তাঁরা। কোনও প্ল্যাকার্ডে বড় বড় করে লেখা ছিল, ‘মনরেগার হত্যা’। কোনও প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা ছিল, ‘‘গান্ধীকে যে ভাবে মেরেছিলে, সে ভাবে মনরেগাকে হত্যা কোরো না’’।
ভোর ৪টে নাগাদ ঋতব্রত সমাজমাধ্যমে ধর্নাস্থলের কিছু ছবিও পোস্ট করেন। সেখানে দেখা গিয়েছে, ধোঁয়াশায় ঢাকা সংসদ চত্বর। গান্ধী এবং রবীন্দ্রনাথের ছবির নীচে কম্বল মুড়ি দিয়ে শুয়ে ক্ষুব্ধ সাংসদেরা। সাগরিকা সকাল ৯টা নাগাদ যে ছবি পোস্ট করেছেন, তাতেও তৃণমূল সাংসদের একাংশকে ধর্নাস্থলে ঠায় বসে থাকতে দেখা গিয়েছে। ধর্নার ১২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে বলে ওই পোস্টে দাবি করেছেন সাগরিকা। এ ভাবে প্রতি ঘণ্টায় দফায় দফায় তৃণমূল সাংসদদের কেউ না কেউ সমাজমাধ্যমে ধর্নার ছবি পোস্ট করছেন।
উল্লেখ্য, কেন্দ্রের আনা ১০০ দিনের কাজের প্রকল্পে নতুন বিল এবং তার থেকে মহাত্মা গান্ধীর নাম সরানো নিয়ে বিতর্কের সূত্রপাত। কেন্দ্র বিলের নাম দিয়েছে ‘বিকশিত ভারত গ্রামীণ রোজগার অজীবিকা মিশন গ্যারান্টি বিল’। তৃণমূলের অভিযোগ, নরেন্দ্র মোদীর সরকার এমন এক প্রকল্পের নাম ‘বিকৃত’ করতে চাইছে, যা শ্রমিকের মর্যাদা এবং অধিকারের প্রতীক। প্রকল্প থেকে রবীন্দ্রনাথের গান্ধীজিকে দেওয়া ‘মহাত্মা’ উপাধিটিই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। একে দেশের শ্রমিকদের অবমাননা বলেও উল্লেখ করেছে বিরোধীদের একাংশ। এ ছাড়া জিরামজি বিল নিয়ে বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের বকেয়া অর্থের প্রসঙ্গ তুলেও সরব হয়েছে তৃণমূল। এর আগে লোকসভা এবং রাজ্যসভায় বিভিন্ন দলের বিরোধী সাংসদেরা এই বিলের(‘Jiramji’ Bill) প্রতিবাদ জানিয়েছেন। লোকসভায় বিরোধীরা কক্ষত্যাগ করলে শুধু শাসকদলের সাংসদদের উপস্থিতিতে ধ্বনি ভোটের মাধ্যমে বিলটি পাশ হয়। পরে রাজ্যসভাতেও অনুরূপ ঘটনা ঘটে বলে অভিযোগ। কেন তাড়াহুড়ো করে বিলটি পাশ করা হল, সেই প্রশ্নও তুলেছে বিরোধীরা।




