কলকাতা: সপ্তাহ শেষ হলেই কালীপুজো। এবার দীপাবলি ও কালীপুজো উপলক্ষে বাজি পোড়ানোয় কড়াকড়ি পুলিশের।(Kolkata Police) দূষণ রোধে কালীপুজো এবং দীপাবলিতে শব্দবাজি পোড়ানো রুখতে তৎপর কলকাতা পুলিশ। ইতিমধ্যে নজরদারি বাড়ানো-সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে পুলিশের তরফ থেকে।
ফানুস ও নিষিদ্ধ বাজির দাপটে লাগাম টানতে দীপাবলির প্রাক্কালে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশের চিরুনি তল্লাশি। এর মধ্যেই দূষণ রুখতে বাজি পোড়ানোর নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে কলকাতা পুলিশ।(Kolkata Police) নির্দিষ্ট সময়ের পর বাজি পোড়ালেই শাস্তি পাবে নিয়মভঙ্গকারী।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে,আগামী সোমবার কালীপুজো ও দিওয়ালিতে রাত ৮টা থেকে ১০ টার মধ্যে বাজি পোড়াতে হবে। আগামী ২৮ অক্টোবর ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। নির্দিষ্ট সময়সীমার পর বাজি ফাটালে পেতে হবে শাস্তি। সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্ট এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে প্রতিটি থানার অফিসার ইন চার্জকে পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হয়েছে।





