কলকাতা : চলতি বছর থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে এসেছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো সেমিস্টার(WBCHSE Semester) পদ্ধতিতে হতে চলেছে পরীক্ষা। সোমবারই শুরু হল প্রথম সেমিস্টারের পরীক্ষা। দ্বিতীয় সেমিস্টার হবে আগামী বছর মার্চ মাসে। দুই পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করেই প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল।
প্রশ্নফাঁস রুখতে বিশেষ বার কোডের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা বার কোড দেওয়া থাকবে। এই বার কোডের সাহায্যে কোন কেন্দ্র থেকে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থী বা ব্যক্তিকে চিহ্নিত করা যাবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ছাত্রছাত্রীদের সামনেই পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের সিল খোলা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। তবে মিউজিক, ভিসুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে ১০টায়। শেষ হবে ১০টা বেজে ৪৫ মিনিটে।
এবার ৬ লক্ষ ৬০ হাজার ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক দিচ্ছে। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৯ হাজার। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম সেমিস্টারের(WBCHSE Semester) পরীক্ষা। ২০২৬ সালের মার্চ মাসে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে। দু’টি পর্যায়ের পরীক্ষার নম্বর যোগ করে উচ্চমাধ্যমিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের ওএমআর সিটে।
উল্লেখ্য, এবার উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৩.০৭ শতাংশ ছাত্র এবং ছাত্রী ৫৬.০৩ শতাংশ। এবার ছাত্রদের তুলনায় ৭৯ হাজার ৫৮২ জন বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে। এবারের প্রথম পর্যায়ের পরীক্ষায় মেন ভেন্যুর সংখ্যা ৮১৮। মোট ভেন্যুর সংখ্যা ২১০৬। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি। ক্যালকুলেটর, মোবাইল-সহ কোনও বৈদ্যুতিন দ্রব্য নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না বলে জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।




