প্রতিবেদন : মঙ্গলবার বীরভূমের ইলামবাজারের সরকারি কর্মসূচি থেকে দিল্লি পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতিই সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, দিল্লিতে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের মা ও শিশুকে নির্মম ভাবে পিটিয়েছে দিল্লি পুলিশ। সোমবার বোলপুরের সভা থেকেও একই অভিযোগ করেছিলেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য খণ্ডাতে সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন দিল্লি পুলিশের ডিএসপি (পূর্ব) অভিষেক ধনিয়া। আর এদিন তারই সপাট জবাব দিলেন মমতা।
মুখ্যমন্ত্রীদ কথায়, ‘‘আমি কালকে (সোমবার) ওই বাচ্চাটার কথা বলেছিলাম। একটার পর একটা থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকেই মিটিংয়ে বলেছিলাম। রেকর্ড চেক করুন। বলেছিলাম ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। আমরা চাইব, তাঁরা (‘আক্রান্ত’রা) যাতে ফিরে আসেন। আর কে সত্যি, কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে।’’ মমতার পোস্ট করা ভিডিও এবং সভায় করা দাবির প্রেক্ষিতে বাংলাভাষীদের উপর আক্রমণ নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। তবে দিল্লির পুলিশ কর্তা সাংবাদিক বৈঠকে জানান, মমতা ভিডিও পোস্ট করতেই তদন্ত শুরু করা হয়েছিল।
ঘটনার জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা জানান, ২৬ জুলাই রাত সাড়ে ১০টা নাগাদ সাদা পোশাকে দিল্লি পুলিশের চার জন কর্মী তাঁদের বাড়িতে আসেন এবং তাঁদের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। তার পরে তাঁদের থেকে ২৫ হাজার টাকা দাবি করেন ওই পুলিশকর্মীরা। মারধরও করা হয়।




