গান্ধীনগর : খোদ প্রধানমন্ত্রীর রাজ্যেই জাঁকিয়ে বসেছে ডিজিট্যাল প্রতারণার ফাঁদ। তারই কবলে পড়লে হলেন ১৯ কোটি টাকা খোয়ালেন এক মহিলা চিকিৎসক। পুলিশ আধিকারিক এবং আইনজীবী সেজে তাঁর কাছ এই বিপুল পরিমাণ টাকা প্রতারকরা হাতিয়ে নেয় বলে জানিয়েছে সূত্র। ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরে।
সূত্র মারফত জানা গিয়েছে, গত ১৫ মার্চ ওই চিকিৎসককে ফোন করে প্রতারকরা। অভিযোগ, মহিলাকে ভয় দেখিয়ে বলা হয়, তাঁর ফোনে কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে, যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে একটি আর্থিক তছরূপ মামলার। পাশাপাশি, তাঁকে গ্রেফতারির হুমকিও দেওয়া হয়। পরপর বেশ কয়েকদিন ধরে তাঁকে ফোন করে হেনস্থা করা হয়। এরপরই দফায় দফায় মহিলাকে ৩৫টি অ্যাকাউন্টে মোট ১৯ কোটি পাঠাতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। অবশেষে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সিআইডির সাইবার সেলে দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
উল্লেখ্য, গত বছরের শেষ থেকেই ডিজিট্যাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সচেতনতা মূলক প্রচার সত্ত্বেও দেশের বিভিন্ন জায়গা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসছে।




