কলকাতা: টানা বৃষ্টিতে ভিজছে বাংলা। এবার কমতে চলেছে বৃষ্টি! বুধ থেকেই পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। যদিও বৃষ্টি একেবারে থামবে না তবে বুধবার দেখা মিলেছে রোদের। জানা যাচ্ছে, সরছে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। কিন্তু উত্তরবঙ্গের ৫ জেলায় চলবে বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি সেভাবে হবে না। আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ফের বদলাবে আবহাওয়া। শনিবার পর্যন্ত বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো। আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে রোদের দেখা মিললেও উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি, রাজস্থান, হিমাচল, মহারাষ্ট্র, ওড়িশা, অসম-সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। ধীর গতিতে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। অভিমুখ ছত্তিশগড়। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। এটি শ্রী গঙ্গানগর, রোহতক, কানপুর, প্রয়াগরাজের পর ঝাড়খণ্ড, ছত্তিশগড় সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ফলে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি।





