লন্ডন: বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা। বোন রেহানাকে নিয়ে তড়িঘড়ি চলে আসেন ভারতে। দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে বসেই একাধিকবার বার্তা দিতে দেখা গিয়েছে হাসিনাকে।(Sekh Hasina)এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুস হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির জন্য কিছুদিন আগেই ইউনূস সুর নরম করেছিলেন। কিন্তু আবার অন্য সুর গাইতে শুরু করে ভারতকে দুষলেন তিনি।
Read More: থানায় ঢুকে দাদাগিরি, পুলিশকে হুমকি! কাঠগড়ায় আসানসোলের বিজেপি নেতা
ইউনুসের অভিযোগ, ভারত মুজিবকন্যাকে এখনও আশ্রয় দিয়েছে। আর ভারতে বসে হাসিনা(Sekh Hasina)যেসব বক্তৃতা দিচ্ছেন তার জন্যই বাংলাদেশে অস্থিরতা বাড়ছে। ক্ষোভের সঞ্চার হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে ওপার বাংলায় যা কিছু ঘটছে তা নিয়ে হাসিনা আর দিল্লিকে তোপ দেগে দায় ঝাড়ছেন ইউনুস।
লন্ডনের চাথাম হাউসে প্রশ্ন-উত্তর পর্বে মোদিকে তোপ দাগলেন ইউনুস। বলেন, “আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখা হয়েছিল। তখন আমি তাঁকে বলেছিলাম, আপনি হাসিনাকে থাকতে দিয়েছেন। আমি আপনাকে আপনার নীতি বদলাতে জোর করতে পারিনা। কিন্তু দয়া করে আমাকে প্রতিশ্রুতি দিন যে হাসিনা বাংলাদেশের কোনও মানুষের সঙ্গে যেন যোগাযোগ না করেন। তিনি যা কিছু বলছেন, যা কর্মসূচি ঘোষণা করছেন তাতে আমাদের দেশে উত্তেজনা বাড়ছে। কেন উনি আমাদের দেশকে অস্থির করছেন?”
Link: https://x.com/ekhonkhobor18/status/1933068088699740172?s=19
ইউনুস আরও বলেন, “আমার কথা শোনার পর মোদি বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় এইসব খবর ছড়াচ্ছে। আমরা কীভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব। এর উত্তরে আমি বলেছিলাম, আপনি কীভাবে এটা বলতে পারেন? আমাদের দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে। আর আপনি সোশ্যাল মিডিয়া বলে সমস্তটা এড়িয়ে যাচ্ছেন।”
উল্লেখ্য, এই মুহূর্তে মুজিবকন্যার প্রত্যর্পন নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে টানাপড়েন তুঙ্গে। কারণ হাসিনার বিরুদ্ধে একাধিক গণহত্যার মামলা-সহ শতাধিক মামলা দায়ের করা হয়েছে। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। তাই মুজিবকন্যাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি পাঠায় মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। যার কোনও উত্তর দিতে চায়নি ভারতের বিদেশ মন্ত্রক। পরে হাসিনার ভিসা বাতিল করে দেয় ঢাকা। কিন্তু তাঁর দিল্লিতে থাকার মেয়াদ বাড়িয়ে দেয় ভারত।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ‘গণ অভ্যুত্থানে’ মুজিবকন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে তড়িঘড়ি ভারতে চলে আসেন। এরপরই ভারতে বসেই একাধিক বার্তা দিয়েছেন তিনি। বোন রেহানা সহ তাঁকে খুনের ষড়যন্ত্র ফাঁস করেছিলেন তিনি। এমনকী বলেছিলেন, খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন। যা হয়েছে তার বিচার আল্লা করবে। স্বাভাবিকভাবেই এতে অস্বস্তি বেড়েছে ইউনুসের।





