কোচবিহার: বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই উত্তরবঙ্গে প্রচারের ঝাঁঝ বাড়াতে মাঠে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একদিনে তিনটি গুরুত্বপূর্ণ জনসভা করবেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, দিনের প্রথম জনসভা অনুষ্ঠিত হবে কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। সেখানে প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মার সমর্থনে ভোট প্রচার করবেন অভিষেক। এরপর দুপুর নাগাদ তিনি পৌঁছবেন জলপাইগুড়ি, যেখানে দ্বিতীয় জনসভা নির্ধারিত রয়েছে।
দিনের শেষ কর্মসূচি রয়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে। কুমারগ্রাম রবীন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় জোড়াফুল প্রতীকের প্রার্থী রাজীব তির্কীর সমর্থনে বক্তব্য রাখবেন তৃণমূলের এই শীর্ষ নেতা। উত্তরবঙ্গের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ধারাবাহিক সভার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে দল।
প্রচারের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন নিয়ে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রান করা হচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরোধী জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেন তিনি। যেসব নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠছে, তাদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেন অভিষেক। সেই তালিকা প্রশাসনের কাছে তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানোর কথাও বলেন তিনি।




