খড়গপুর: খড়গপুরের একটি হোটেলে মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার নির্বাচনী প্রস্তুতি বৈঠকে কঠোর সাংগঠনিক বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের ফলাফলের ওপরই নেতৃত্বের ভবিষ্যৎ নির্ভর করবে।
বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যে এলাকায় দলের ফল ভালো হবে, সেখানে নেতৃত্বকে স্বীকৃতি ও সম্মান দেওয়া হবে। কিন্তু খারাপ ফল হলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট নেতৃত্বকেই নিতে হবে। পারফরম্যান্সভিত্তিক এই মূল্যায়ন ভবিষ্যতে আরও কঠোরভাবে কার্যকর করা হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
সভায় উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দেব, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, পাশাপাশি দুই সাংগঠনিক জেলার শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ পদাধিকারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই সাংগঠনিক জেলার মোট ১৫টি বিধানসভা আসনের সবক’টিতেই জয়ের লক্ষ্য স্থির করে দেন। ঘাটালের ৭টি এবং মেদিনীপুরের ৮টি আসনে সংগঠনকে আরও শক্তিশালী করে বুথ স্তর থেকে ভোটের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেন তিনি।
তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, পুরনো ও নতুন সব কর্মীকেই একসঙ্গে নিয়ে চলতে হবে। যারা দীর্ঘদিন ধরে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের যথাযথ সম্মান দিতে হবে। সমস্ত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামার আহ্বান জানান তিনি। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় বাড়াতে দুটি পৃথক কোর কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলি দুই জেলার সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করবে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি আসনের মধ্যে ১৩টিতে জয় পেয়েছিল শাসক দল। সেই সাফল্যকে আরও বাড়ানোর লক্ষ্যেই এবার আগেভাগে সংগঠনকে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের মতে, এই বৈঠক আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও ফলমুখী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




