কলকাতা: দক্ষিণ কলকাতার নাগরিকদের দীর্ঘদিনের পানীয় জল সুরক্ষা নিশ্চিত করতে আগাম ও পরিকল্পিত উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।(Kolkata Corporation) সেই লক্ষ্যেই গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে গুরুত্বপূর্ণ পাইপলাইন রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে।
পুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই জরুরি কাজের জন্য শনিবার দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় সাময়িকভাবে জল সরবরাহ বন্ধ বা ব্যাহত থাকবে।
পুরসভা(Kolkata Corporation) সূত্রে খবর, শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জল পরিষেবা স্বাভাবিক রাখা হবে, যাতে নাগরিকরা প্রাথমিক প্রয়োজন মেটাতে পারেন। এরপর থেকেই ধাপে ধাপে জল সরবরাহ বন্ধ করে রক্ষণাবেক্ষণের কাজ চালানো হবে। আগামী ১ ফেব্রুয়ারি সকাল থেকেই ফের স্বাভাবিক ছন্দে জল পরিষেবা ফিরবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
গার্ডেনরিচ পাম্পিং স্টেশন দক্ষিণ কলকাতার জল পরিকাঠামোর অন্যতম মেরুদণ্ড। এই স্টেশনের আওতাধীন কালীঘাট, রানিকুঠি, বাঁশদ্রোণী, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ এবং শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন থেকে শনিবার পানীয় জল সরবরাহ করা হবে না।
গার্ডেনরিচ পাম্পিং স্টেশন থেকেই প্রতিদিন প্রায় ১৭ থেকে ১৮ কোটি গ্যালন পানীয় জল দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এত বড় পরিসরের জল ব্যবস্থাকে সচল রাখতে সময়মতো রক্ষণাবেক্ষণ অপরিহার্য বলেই মনে করছেন পুরসভার আধিকারিকরা। তাঁদের মতে, আগাম এই কাজ না হলে ভবিষ্যতে হঠাৎ বড় বিপর্যয়ের আশঙ্কা থাকত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ও কলকাতা পুরসভা বরাবরই নাগরিক পরিষেবাকে অগ্রাধিকার দিয়ে এসেছে। জল সরবরাহ ব্যবস্থাকে আরও মজবুত ও আধুনিক করে তুলতেই এই ধরনের পরিকল্পিত কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে বিভিন্ন এলাকায় জল ট্যাঙ্কারের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি নাগরিকদের কাছে অনুরোধ করা হয়েছে, আগেভাগেই প্রয়োজনীয় জল সঞ্চয় করে রাখতে এবং দায়িত্বশীলভাবে জল ব্যবহার করতে।




