কোচবিহার: ‘সামনাসামনি লড়াইয়ে ব্যর্থ বিজেপি’! ইডি-আয়কর তল্লাশি নিয়ে ফের একবার বিজেপিকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা থেকে বিজেপিকে একহাত নিয়ে মন্তব্য করলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের সভা থেকে বিজেপিকে তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। আর আমার প্রার্থীর বাড়ি, পার্টি অফিসে তল্লাশি করছে। আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। আমার সিকিয়োরিটিদের রেড করছেন। নির্লজ্জ, বেহায়া, সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ।”
শুক্রবার সকাল থেকে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা। দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে তল্লাশি শুরু করেন আয়কর বিভাগের কর্তারা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একসঙ্গে দেবাশিসের দুটি ঠিকানায় তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। এরপর তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি করা হয়।
এ নিয়ে ক্ষুব্ধ দলীয় নেতা-কর্মীরা। ক্ষোভ উগরে দেন খোদ তৃণমূল সুপ্রিমোও। এই প্রথম নয়, বিজেপির বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। তবে ভোটবাক্সে মানুষ এর জবাব দেবেন বলেই আত্মবিশ্বাসী দলনেত্রী।




