কোচবিহার: বিধানসভা নির্বাচনের আগেই প্রচার চালাতে কোচবিহারে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভা থেকে ফের একবার প্রধানমন্ত্রীকে নিশানা করে হুঙ্কার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার কটাক্ষ, যে ক’দিন আছেন দয়া করে মিথ্যা কথা কম বলুন! এই মর্মে প্রধানমন্ত্রীর কাছে তিনটি প্রশ্নের জবাব চাইলেন মমতা।
মমতা বলেন, ‘যারা গান্ধীজীকে হত্যা করেছিল তারা ৩টি বুলেট চালিয়েছিল। আমি তিনটি বুলেট আপনাদের জিজ্ঞেস করছি গণতন্ত্রের মাধ্যমে। আমার প্রথম বুলেট, আপনি ক্ষমতায় আসার আগে ২ কোটি লোককে চাকরি দেবেন বলেছিলেন, আজ ১২ বছর হয়ে গেল একটাও লোককে চাকরি দিয়েছেন? রেলে একটা গ্যাংম্যান পর্যন্ত নেই। রেল বিক্রি, প্লেন বিক্রি এলআইসি বিক্রি, দেশটাকেই বিক্রি করে দিচ্ছেন।’
তিনি আরও ২টি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, গণতন্ত্রের দ্বিতীয় বুলেট, নির্বাচনের আগে প্রত্যেকের অ্যাকাউন্টে বলেছিলেন ১৫ লক্ষ টাকা করে দেবেন, দিয়েছেন? একজনও পায়নি। তৃতীয় বুলেট, আপনি বলেছিলেন দেশে নোটবন্দি করে কালো টাকা ফিরিয়ে আনবেন, কালো টাকা আনতে পেরেছিলেন? পারেননি।
এদিনের জনসভা থেকে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও একহাত নেন মমতা, তিনি বলেন, ‘অনেক এনআরসি করেছেন। আগে নিজেদের সরকার সামলান। কোচবিহারের রাজবংশীদের এনআরসি নোটিস পাঠিয়েছে অসম। এখন আবার তার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ট্রেনে করে নাকি ভোটের জন্য লোক আনবেন। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে তারা এখানে ঢুকবেন। নিজের রাজ্যেও বাইরে থেকে লোক এনে ভোট করিয়েছে। এখন এ রাজ্যে উঁকিঝুঁকি মারছে।’




