হাড়োয়া: একের পর এক মানুষের মৃত্যু! এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। এর মধ্যেই বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অকথ্য অত্যাচারও বারবার শিরোনামে এসেছে। এহেন ঘটনাগুলি নিয়েই এবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাড়োয়ার নির্বাচনী জনসভা থেকে তিনি বললেন, “গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে বিজেপি।” এরপরই হুঙ্কার ছেড়ে বললেন, ‘বাংলার মানুষ ক্ষমা করবে না।’
এদিন ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের উপর নির্যাতন নিয়ে সরব হন মমতা। রাজনৈতিক স্বার্থে ইডি-সিবিআইকে ব্যবহার করা হচ্ছে বলেও এদিন ফের সরব হন তিনি। তাঁর দাবি, বিজেপি সরকার গণতন্ত্রকে হত্যা করছে। তিনি বলেন, “গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে বিজেপি।” তবে তাঁর বিশ্বাস এভাবে বাংলার মানুষের মন পাওয়া যাবে না। আত্মবিশ্বাসী কণ্ঠে মমতা বললেন, “তৃণমূলই জিতবে। মানুষ আমার পাশে আছে।”
বৃহস্পতিবার হাড়োয়ায় নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপিকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। এদিন ফের এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। স্বৈরাচারীর মতো আচরণ করা হয়েছে বলে অভিযোগ করে বলেন, “আমি সুপ্রিম কোর্টে গিয়েছি বলে ৩২ লক্ষের নাম উঠেছে। নাহলে তাও হত না।” আশ্বাস দিলেন বাকিদের নামও তুলে দেবেন।




