মিনাখাঁ: এখনও মৎস্য প্রতিপালনে আত্মনির্ভর নয় বাংলা! এহেন মন্তব্য করে সম্প্রতি বিতর্কের সূত্রপাত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীর এই তোপের বিরুদ্ধে পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখাঁর সভা থেকে মমতা বলেন, আগে ইলিশের জন্য বাংলাদেশ ও হায়দরাবাদের দিকে তাকিয়ে থাকতে হত। কিন্তু বর্তমানে মাছ উৎপাদনে বাংলা স্বাবলম্বী।
মোদির অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগে বাংলায় খুব বেশি ইলিশ মাছ পাওয়া যেত না। বর্তমানে ডায়মন্ড হারবারে রিসার্চ সেন্টারে গবেষণার মাধ্যমে বাংলাতেই প্রচুর পরিমাণে ইলিশ মাছ উৎপাদন হয়। আগে ইলিশের জন্য বাংলাদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হত। চাহিদা পূরণের জন্য হায়দরাবাদের দিকে তাকিয়ে থাকতে হত। কিন্তু এখন মাছ উৎপাদনে বাংলা সাবলম্বী হয়েছে। চুনোপুঁটি মাছ সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়াও মৎস্যজীবীদের সুবিধার্থে আলাদা কার্ড করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, বাংলায় মাছের ব্যাপক চাহিদা থাকলেও এখনও মৎস্য প্রতিপালনে আত্মনির্ভর নয় রাজ্য। এখনও পর্যন্ত অন্য রাজ্য থেকে বাংলায় মাছ আমদানি করতে হয়। ভারতে মাছ উৎপাদন ১১ বছরে দ্বিগুণ হয়ে গিয়েছে। কিন্তু তৃণমূল সরকারের কারণে বাংলা সেই সফলতা পায়নি। প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণমূল সরকারের জন্য পিএম মৎস্য সম্পদের লাভ পান না বঙ্গের মৎস্যজীবীরা। উলটে স্কিমের নাম বদলাতে ব্যস্ত রাজ্য সরকার। এহেন অভিযোগের সত্যতা কী এবার তা নিয়েই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।




