কলকাতা: সপ্তাহের শেষেই উধাও হবে ঠান্ডা। চৈত্র শেষ হলে ফের গরমে নাজেহাল অবস্থা হবে বঙ্গবাসীর। এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি থামবে শুক্রবার থেকে। তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
উত্তরবঙ্গে দুর্যোগের রেশ থাকবে আগামী সপ্তাহেও। শুক্র থেকে রবিবার পর্যন্ত পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে ঝড়বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
কলকাতাতেও হালকা ঠাণ্ডার রেশ উধাও হবে শুক্রবার থেকেই। বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার বৃষ্টির কারণে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। তবে শুক্রবার সকাল থেকে আকাশ পরিষ্কার। বেলার দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুতে কলকাতাতেও বাড়বে তাপমাত্রা। বাড়বে অস্বস্তিও।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমবে ঝড়বৃষ্টি। শনিবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সোমবার থেকে বুধবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগণায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার ফলে সাময়িকভাবে ঠাণ্ডা পড়লেও রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।




