কলকাতা: অবশেষে বিদায় নিয়েছে বর্ষা। বদলেছে আবহাওয়া। এবার শীতের আমেজ অনুভূত হচ্ছে সকালে ও রাতের দিকে। তবে এখনই থামছে না বৃষ্টি। পূর্বাভাস, কালীপুজোর আগেই হতে পারে বৃষ্টি।(Weather Forecast) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের ৬ জেলায়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা ও শুকনো বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে। যার জেরে কালীপুজোর আগেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চল, উত্তর ২৪ পরগনা। (Weather Forecast)
আবার, বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা। তবে ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর। তবে অন্যান্য জেলার আবহাওয়া থাকবে মনোরম। রোদ ঝলমলে আকাশের পাশাপাশি অনুভূত হবে শীতের শিরশিরানিও। তবে জাঁকিয়ে শীতের দেখা কবে মিলবে তা জানায়নি হাওয়া অফিস।





