বারাসত: বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাংলায় বসে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফের একবার বিজেপির ১৫ লক্ষের প্রতিশ্রুতির মিথ্যাচারের প্রসঙ্গ তুলে আক্রমণ মমতার। তিনি প্রশ্ন করে বলেন, “ভোটের আগে বলেছিল সবার অ্যাকাউন্টে ১৫ লাখ করে ঢুকবে, পেয়েছেন?”
বারাসতের কাছারি ময়দানের জনসভা থেকে মমতা বলেন, “ভোটের আগে বলেছিল সবার অ্যাকাউন্টে ১৫ লাখ করে ঢুকবে, পেয়েছেন? এখন এসেছে মিথ্যে কথার ঝুলি নিয়ে। মিথ্যের ফুলঝুড়ি নিয়ে।” অমিত শাহের উদ্দেশে মমতার কটাক্ষ, “এরা কোকিলের মতো ভোটের সময় আসে, মিথ্যে বলে, ফুরুৎ করে পালিয়ে যায়।”
বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, “দাঙ্গা করে ক্ষমতায় এসেছে। ঠাকুমার ঝুলি নয়, মিথ্যের ফুলঝুড়ি নিয়ে ছুটছে।” মমতার অভিযোগ, “রাজস্থান, দিল্লি, অসমে ছেলেমেয়েদের উপর অত্যাচার করছে ডবল ইঞ্জিন সরকার। লজ্জা করে না! এখন বাংলার মাটিতে এসে বলছে সুনার বাংলা গড়বে। ওদের জিভ টেনে ছিঁড়ে নেওয়া উচিত মানুষের গণতন্ত্রের মাধ্যমে।”
এসআইআরে নাম বাদের প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নিয়ে এদিন মমতা বলেন, “এসআইআরে নাম বাদ গেছে ৯০ লক্ষ ভোটারের। তাঁদের মধ্যে ৬০ লক্ষ হিন্দু। বাকি ৩০ লক্ষ মুসলিম ভোটার। বিজেপির নেশা মানুষের ভোটাধিকার কাড়া। এনআরসি করে ১৯ লক্ষ নাম বাদ দিয়েছিল অসমে। এখন বাংলায় সেই চেষ্টা চালাচ্ছে। অঙ্কটা ভাল করে বুঝবেন। তোমার বেলায় অধিকার, আমার বেলায় বহিস্কার চলতে পারে না।” পাশাপাশি, এদিন ফের ইভিএমে কারচুপির অভিযোগে মানুষকে সজাগ থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।




