মধ্যপ্রদেশ: গায়ের রং কালো, এই কারণেই নাকি স্বামী তাঁর যোগ্য নন! এমনই অপমানজনক মন্তব্য থেকে শুরু হয়েছিল দাম্পত্য অশান্তি, যা শেষ পর্যন্ত রূপ নেয় খুনে। মধ্যপ্রদেশের ধার জেলাতে স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত যুবকের নাম দেবকৃষ্ণ পুরোহিত।
গত ৭ এপ্রিল তাঁর বাড়ি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘর ছিল সম্পূর্ণ লন্ডভন্ড। প্রথমে স্ত্রী প্রিয়ঙ্কা পুরোহিত দাবি করেন, গভীর রাতে ডাকাতদল বাড়িতে ঢুকে লুটপাট চালায় এবং বাধা দিতে গেলে তাঁর স্বামীকে খুন করে। তাঁকেও বেঁধে রেখে যায় বলে জানান তিনি। প্রিয়ঙ্কা দাবি করেছিলেন, প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গয়না লুট হয়েছে। কিন্তু তদন্তে দেখা যায়, সেই গয়নাগুলি বাড়ির মধ্যেই রয়েছে। এতে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং ডাকাতির তত্ত্ব প্রশ্নের মুখে পড়ে।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই সম্পর্কের অবনতি হচ্ছিল। গায়ের রং নিয়ে দেবকৃষ্ণকে নিয়মিত অপমান করা হত। প্রিয়ঙ্কা নাকি তাঁকে বলতেন, “তুমি কালো, তুমি আমার যোগ্য নও।” এই মন্তব্য থেকেই প্রায়ই ঝগড়া লেগে থাকত। পুলিশি জেরায় সামনে আসে, প্রিয়ঙ্কার একটি বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। প্রেমিক কমলেশ পুরোহিতের সঙ্গে মিলে স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। তদন্তকারীদের মতে, এই সম্পর্কই খুনের মূল কারণ।
অভিযোগ, এক লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করা হয়েছিল। ঘটনার রাতে দরজা আগেই খুলে রাখা হয়, যাতে খুনি সহজে ঢুকতে পারে। ঘুমন্ত অবস্থায় দেবকৃষ্ণকে খুন করা হয় এবং তারপর অভিযুক্তরা পালিয়ে যায়। খুনের পর পুরো ঘটনাকে ডাকাতি বলে চালানোর চেষ্টা করা হয়। কিন্তু তদন্তে সব সত্য সামনে আসে। গয়না উদ্ধার হওয়ার পরই প্রিয়ঙ্কাকে গ্রেফতার করা হয়। পরে তাঁর সূত্রে গ্রেফতার করা হয় প্রেমিক কমলেশকেও।




