মগরাহাট: এসআইআরে বাদ যাচ্ছে বহু বৈধ ভোটারের নাম। লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে ভুগছেন। চিন্তায় মাথায় হাত পড়েছে বহু লোকের। সেই আতঙ্কেই রাজ্যজুড়ে মৃত্যুমিছিল! ট্রাইবুনালের দরজা খোলা থাকলেও তা নিয়ে সংশয় জারি রয়েছে। ফের এসআইআর আতঙ্কে মগরাহাটে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ।
৪৬ বছরের মাহমুদ গাজি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার বাসিন্দা। এসআইআর প্রক্রিয়ায় মগরাহাটের ১৫৮ নম্বর বুথের ভোটার তালিকা থেকে ওই ব্যক্তি ও তাঁর ছেলের নাম বাতিল হয়ে যায়। শুনানিতেও ডাকা হয়েছিল তাঁদের। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও নাম ওঠেনি সাপ্লিমেন্টরি তালিকায়। ভোটার তালিকায় নাম তুলতে বিভিন্ন দফতরের দরজায় দরজায় ছোটাছুটিও করেছিলেন তিনি।
কিন্তু শেষ সাপ্লিমেন্টরি তালিকাতেও ওঠেনি নাম। বাবা-ছেলের নাম ছিল না সেই তালিকাতে। এই চিন্তায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও রক্ষা হয়নি। শুক্রবার সকালে হাসপাতালে মৃত্যু হয় মাহমুদ গাজির। মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলছে মৃতের পরিবার ও প্রতিবেশীরা।
পরিবারের দাবি, ‘প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া সত্ত্বেও কীভাবে ভোটার তালিকা থেকে নাম বাতিল হল, তার জবাব দিতে হবে কমিশনকে।’ প্রসঙ্গত, এসআইআর আতঙ্কে মৃত্যুর কারনের নেপথ্যে কমিশনকেই বারবার দায়ী করেছে রাজ্যের শাসকদল। কমিশন দায় এড়িয়ে গেলেও এভাবে একের পর এক মৃত্যুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাস্তবের ছবিটা।




