মধ্যপ্রদেশ: মধ্যপ্রদেশের জবলপুরে পুলিশের নজর এড়িয়ে চলা এক প্রাক্তন কাউন্সিলরকে ধরতে গিয়ে রীতিমতো চরম ঝক্কি পোহাতে হয়েছে। অভিযুক্ত পদ্মের ফাঁপা ডাঁটি মুখে লাগিয়ে পুকুরের নিচে প্রায় পাঁচ ঘণ্টা নিঃশ্বাস নিয়েছিলেন, যা তাকে পুলিশি চোখ ফাঁকি দিতে সাহায্য করেছিল। শেষ পর্যন্ত ডুবুরি দলকে কাজে লাগিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত উত্তরপ্রদেশের বিজনৌরের হরবিন্দর সিং ওরফে সানি, যিনি ২০১৭ সালে হলদৌর নগর নিকায় নির্দল প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। তবে তাঁর অপরাধের ইতিহাস দীর্ঘ এবং জটিল। ২০১৮ সালে ৭০ লক্ষ টাকার হীরা-জহরত উদ্ধার হয় তাঁর থেকে। এছাড়া, অবন্তিকা এক্সপ্রেস থেকে এক যাত্রীর লাইসেন্সপ্রাপ্ত রিভলভার ও বিপুল নগদ অর্থ চুরি করার অভিযোগও রয়েছে।
জবলপুর পুলিশ জানিয়েছে, অভিযুক্ত একটি ট্রেনের এসি কোচ থেকে মহিলার পার্স চুরি করে পালাচ্ছিলেন। পুলিশ তাকে আটকাতে গেলে তিনি সিহোরা স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে একটি পানা পুকুরে ঝাঁপ দেন। রাতের অন্ধকার এবং পুকুরের ঘন শ্যাওলা পুলিশের জন্য তাকে শনাক্ত করা কঠিন করে তোলে।
পরে জানা যায়, অভিযুক্ত পদ্মের ডাঁটি মুখে লাগিয়ে বাইরে থেকে অক্সিজেন নিচ্ছিলেন। প্রায় ৫ ঘণ্টা লুকিয়ে থাকার পর এবং ডুবুরির সাহায্যে অভিযান চালিয়ে তাকে শেষ পর্যন্ত উদ্ধার করা হয়। গ্রেফতারের পরও তিনি নিজের নাম বদলাতে চেষ্টা চালিয়েছিলেন পুলিশকে বিভ্রান্ত করার জন্য। তবে একটি পুরনো ছবির মাধ্যমে তাঁর আসল পরিচয় নিশ্চিত হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্তের বিরুদ্ধে ৪০০-এর বেশি চুরির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজর এড়িয়ে চলেছিলেন। স্থানীয়দের মন্তব্য, পুলিশি তৎপরতার কারণে এত বড়ো অপরাধীকে ধরা সম্ভব হয়েছে। প্রশাসন আরও সচেতন হওয়া উচিত। জবলপুর পুলিশের ডুবুরি দল এবং অভিযানকারী টিমের দক্ষতা দেশের অপরাধ দমন ও আন্তঃরাজ্য চোরদের ধরার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।




