বনগাঁ: সোমবার মধ্যরাতে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের একটু বেশি ‘যোগ্য’ ভোটার বলে বিবেচিত হয়েছেন। এখনও বাকি ৩২ হাজারের নাম বাদ পড়েছে। এই বাদ পড়া নামের খতিয়ান তুলে ধরেনি নির্বাচন কমিশন। এ নিয়েই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াগড় বনগাঁয় ভোটপ্রচারে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বনগাঁর খয়রামাড়ি স্টেডিয়ামে এই এলাকার ৫ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে প্রচার সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে নির্বাচনী প্রচারের শুরুতেই নাম বাদ প্রসঙ্গে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বাদ পড়া ভোটারদের নাম তুলতে ট্রাইব্যুনালে যাব। চেষ্টা করব ভোটের আগেই নাম তোলার। ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে নামগুলো তুলে দেওয়ার। কোনও মেয়ে হয়ত বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, তার নাম কেটে দিয়েছে। এভাবেই নাম কেটেছে। এই নামগুলো তুলতে হবে।”
মমতার কথায়, ”৩২ লক্ষের নাম উঠেছে ট্রাইব্যুনালে। বাকি নাম সব বাদ দিয়েছে। বাদ যাওয়া নামগুলো তুলতে আমি ট্রাইব্যুনালে যাব। দেখছি, ভোটের আগে যদি নাম তোলা যায়। ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে নামগুলো তুলে দেওয়ার। জেনে রাখুন, আমরা ডিটেনশন ক্যাম্প হতে দেব না।” রীতিমতো হিসেব দিয়ে তৃণমূল সুপ্রিমো বললেন, ”এখনও পর্যন্ত ৯০ হাজার নাম বাদ পড়েছে। এদের মধ্যে ২০ হাজার বাদ যেতে পারে। কোনও মেয়ে হয়ত বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, তার নাম কেটে দিয়েছে। এভাবেই নাম কেটেছে। এই নামগুলো তুলতে হবে।”




