কলকাতা: ভোট যাতে শান্তিপূর্ণ হয় তার দিকেই নজর রেখে এবার নয়া পদক্ষেপ কলকাতা পুলিশের। কুখ্যাত ও দাগী দুষ্কৃতীদের তালিকা তৈরি করছে লালবাজার। ভোটের সময় অশান্তি পাকাতে পারে এমন কুখ্যাত এবং দুষ্কৃতীদের চিহ্নিত করতে প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি থানা এলাকায় গণ্ডগোল পাকাতে পারে এমন ১০ জনকে চিহ্নিত করে সেই ‘সম্ভাব্য অশান্তিবাজ’ (পুলিশি পরিভাষায়— ‘মোস্ট নটোরিয়াস ট্রাবল মঙ্গার্স’)-দের তালিকা তৈরি হচ্ছে।
ভোটের আগে ‘ট্রাবল মঙ্গার’দের তালিকা তৈরি করে পুলিশ। ভোটের আগে বা ভোটের সময় যারা গোলমাল করতে পারে, প্রত্যেকটি থানার পক্ষে সেই তালিকা পাঠানো হয় লালবাজারে। ক্রমে নির্বাচন কমিশনেও পৌঁছয় সেই তালিকা। সেই তালিকার ভিত্তিতে প্রত্যেকটি এলাকায় হয় নজরদারি। চলে ধরপাকড়ও। ইতিমধ্যে থানাগুলি ও গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ‘ট্রাবল মঙ্গার’দের তালিকা তৈরি করেছে লালবাজার। এবার ওই তালিকার মধ্যে থেকেই ‘মোস্ট নটোরিয়াস’দের নাম বেছে নেওয়ার নির্দেশ দিল লালবাজার।
কলকাতা পুলিশ একটি সূত্র জানাচ্ছে, প্রতিটি থানা এলাকা ধরে ১০ জন করে ‘মোস্ট নটোরিয়াস ট্রাবল মঙ্গার্স’-এর তালিকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট ডিসি (ডেপুটি কমিশনার)-দের নির্দেশ পাঠানো হয়েছে ইতিমধ্যেই। ডিসিদের তরফে এ বিষয়ে থানাস্তরে বার্তাও পৌঁছে গিয়েছে। সন্দেহভাজনদের উপর নজরদারি ও প্রয়োজনে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশের সূত্রের মারফত জানা গিয়েছে, সোমবার রাতের মধ্যেই এই তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।




