মুর্শিদাবাদ: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের জলঙ্গীতে রাজনৈতিক প্রচারে জোর দিল তৃণমূল কংগ্রেস। সোমবার এক জনসভা থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত কয়েক বছরে বাংলায় একাধিক জনমুখী প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডোমকল ও জলঙ্গী এলাকায় লক্ষাধিক মহিলা নিয়মিত আর্থিক সহায়তা পাচ্ছেন বলে জানান তিনি।
খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন। পাশাপাশি যুবশ্রী প্রকল্পে বহু যুবক-যুবতী মাসিক ভাতা পাচ্ছেন এবং কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এইসব উদাহরণ তুলে ধরে তিনি রাজ্য সরকারের সাফল্যের কথা তুলে ধরেন।
অভিষেক আরও বলেন, পথশ্রী প্রকল্পের মাধ্যমে এলাকায় বিপুল সংখ্যক রাস্তা নির্মাণ করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য হাসপাতালের সংস্কার ও আধুনিকীকরণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণের কাজও চলছে।
এদিন জলঙ্গীর মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এলাকায় খুব শীঘ্রই একটি ফায়ার ব্রিগেড কেন্দ্র এবং দুধের চিলিং প্ল্যান্ট তৈরি করা হবে।
একইসঙ্গে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে, যার ফলে ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্পে সমস্যা তৈরি হয়েছে। কংগ্রসকেও কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করা। সিপিএম ও কংগ্রেসকে তিনি বিজেপির ‘বি-টিম’ বলেও উল্লেখ করেন।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া প্রসঙ্গে তিনি আশ্বাস দেন, কেউ ভয় পাবেন না। দলীয়ভাবে সাহায্য করা হবে এবং প্রয়োজনে আইনি পথেও সমস্যার সমাধান করা হবে। সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুন। জোড়াফুল প্রতীকে ভোট দিয়ে সরকারকে আরও শক্তিশালী করার বার্তা দেন তিনি। পাশাপাশি জানান, নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধীদের সব অভিযোগের জবাব দেওয়া হবে।




