কলকাতা: ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রস্তাবে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার একটি দিনের সূচি পরিবর্তনের পথে হাঁটল সংস্থা। সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের মতো গুরুত্বপূর্ণ দুই দিনের সঙ্গে পরীক্ষার তারিখ পড়ে যাওয়ায় রাজ্যের তরফে পরীক্ষার দিন পরিবর্তনের আবেদন জানানো হয়েছিল। অবশেষে সেই আবেদনেই সম্মতি দিল এনটিএ।
চলতি বছরের জানুয়ারি মাসে জয়েন্ট মেইনের প্রথম পর্যায়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ২১ থেকে ২৪ জানুয়ারি এবং ২৮ জানুয়ারি। পাশাপাশি ২৯ জানুয়ারি পেপার-২ পরীক্ষার সূচি নির্ধারিত ছিল। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৩ জানুয়ারি পরীক্ষার দিন পড়ে যাচ্ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজোর দিনে। এই কারণে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়তে শুরু করে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এনটিএ-র কাছে পরীক্ষার দিন পরিবর্তনের আবেদন জানান। তিনি এক্স মাধ্যমে লেখেন, “২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং একইদিন সরস্বতী পুজো। ছাত্রছাত্রীরা ওইদিন শ্রদ্ধার সঙ্গে নেতাজির জন্মদিন পালন করবে এবং বাণীবন্দনায় অংশ নেবে। তাই জয়েন্ট পরীক্ষার তারিখ পরিবর্তনের আবেদন জানানো হয়েছিল।”
রাজ্যের আবেদনের পর এনটিএ জানায়, ২৩ জানুয়ারির জয়েন্ট মেইনের পরীক্ষার দিন পরিবর্তন করা হবে এবং পরীক্ষার্থীদের জন্য বিকল্প তারিখ নির্ধারণ করা হবে। যদিও এখনও নতুন সময়সূচি প্রকাশ করা হয়নি, তবে খুব শীঘ্রই তা জানানো হবে বলে জানিয়েছে সংস্থা।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরীক্ষার দিন বদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। অনেকেই বলছেন, এতে পড়ুয়ারা নির্বিঘ্নে নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজো পালন করতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিতেও আরও মনোযোগী হতে পারবে।




