মুর্শিদাবাদ: বাংলাদেশি সন্দেহে ফের ভিনরাজ্যে মৃত্যু বাংলার শ্রমিকের। ঘর থেকে উদ্ধার গলায় ফাঁস দেওয়া দেহ। ঝাড়খণ্ডে বাংলার শ্রমিকের রহস্যজনক মৃত্যু।(Murder) এই খবর বেলডাঙায় পৌঁছনমাত্রই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মৃতের পরিবার ও প্রতিবেশীদের। রেললাইন ও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। জ্বালানো হয় টায়ার। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ব্যাহত রেল চলাচল।
বছর ছত্রিশের আলাউদ্দিন শেখ মুর্শিদাবাদের বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা। ৫ বছর আগেই তিনি কর্মসূত্রে ঝাড়খণ্ড যান। ফেরিওয়ালার কাজ করে সেখানে নিজের জীবন চালাতেন। এর মধ্যেই তাঁকে ঝাড়খণ্ডে বাংলাদেশি দাগিয়ে হেনস্থা করা হচ্ছিল বলে মৃত্যুর আগে তিনি নিজেই জানিয়েছিলেন। তারপরেই তাঁর রহস্যজনক মৃত্যু।(Murder)
আলাউদ্দিনের জামাইবাবু ওসমান শেখ জানান, গত পরশু শ্যালক তাঁকে ফোন করেছিলেন। জানিয়েছিলেন, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে তাঁকে। সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখালেও বিশেষ লাভ হচ্ছে না। গোটা ঘটনায় তিনি ভয় পাচ্ছেন বলেও জানান। তারপর বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই বন্ধ মোবাইল। এরপর শুক্রবার সকালে বাড়িতে খবর আসে, মৃত্যু হয়েছে আলাউদ্দিনের। ঘর থেকে মিলেছে গলায় ফাঁস দেওয়া দেহ।
পরিবারের দাবি, যে ছবি তাঁরা পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ফাঁস দেওয়া অবস্থায় বসে রয়েছেন আলাউদ্দিন। তাতেই পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয় খুন করা হয়েছে যুবককে। এরপর প্রমাণ লোপাটে গলায় ফাঁস দেওয়া হয়েছে। যুবকের মৃত্যুর খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন পরিবার-প্রতিবেশীরা। রেললাইন অবরোধ করেন এলাকার মানুষজন। ১২ নম্বর জাতীয় সড়ক আটকে চলছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ।




