কলকাতা: শীঘ্রই শুরু হতে চলেছে শিল্প সম্মেলন। যা নিয়ে রীতিমতো ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এ বছর আগেই শুরু হতে চলেছে বড়দিনের জাঁকজমক। জানা গিয়েছে, ১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে আনুষ্ঠানিক ভাবে বড়দিনের উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) এই উদ্বোধনের দিন থেকে শুরু করে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অ্যালেন পার্কে চলবে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল।
প্রশাসন সূত্রে দাবি, সাধারণত অন্য বছরগুলিতে ২০ ডিসেম্বরের পর বড়দিনের উৎসবের উদ্বোধন করা হলেও, শিল্প সম্মেলনকে কেন্দ্র করেই এ বার সেই কর্মসূচি এগিয়ে এনেছে নবান্ন। বিজ়নেস কনক্লেভের অনুষ্ঠান সেরেই মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) পার্ক স্ট্রিটে গিয়ে বড়দিনের উৎসবের সূচনা করবেন। শিল্প সম্মেলনের গুরুত্ব মাথায় রেখে এ বছর আলোকসজ্জার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়েছে কলকাতা পুরসভা। পার্ক স্ট্রিটের পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরকেও আলোর মালায় সাজিয়ে তোলা হচ্ছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আলিপুর এলাকাতেই ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প সম্মেলন হওয়ায়, ওই অঞ্চলকেও বিশেষ ভাবে আলোকিত করা হয়েছে। পুরসভা সূত্রে খবর, এই আলোকসজ্জার জন্য কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ১৭ ও ১৮ ডিসেম্বর শহরে পর পর দু’দিনের গুরুত্বপূর্ণ বাণিজ্য বিষয়ক কর্মসূচি থাকায় এ বার বড়দিনের উৎসবের সূচনাতেই কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ১৭ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসছে এমএসএমই মিট। পরদিন ১৮ ডিসেম্বর আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে সরকারের উদ্যোগে আয়োজিত বিজনেস কনক্লেভ। এই দু’দিনের কর্মসূচিতে যোগ দিতে শহরে আসছেন একঝাঁক দেশি ও বিদেশি শিল্পপতি, বিনিয়োগকারী এবং বণিকমহলের প্রতিনিধিরা।




