কলকাতা : গত শনিবার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় ছ’জনকে তলব করল বিধাননগর পুলিশ কমিশনারেট।(Bidhannagar Police Commissionerate) তাঁরা ছ’টি পৃথক সংস্থার প্রতিনিধি। তাঁদের মধ্যে শতদ্রু দত্তের সংস্থার কর্তারাও রয়েছেন বলে জানিয়েছে সূত্র। মঙ্গলবার তাঁদের থানায় হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, যাঁদের তলব করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই শনিবারের অনুষ্ঠানের সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িত ছিলেন। ওই ছয় সংস্থা কোনও না কোনও দায়িত্বে ছিল। অনুষ্ঠানে জল ও ঠান্ডা পানীয় সরবরাহের দায়িত্বে যারা ছিল, টিকিট বিতরণের দায়িত্বে যারা ছিল, তাদের প্রতিনিধিকেও তলব করেছে পুলিশ।
টিকিট সরবরাহকারী সংস্থাকে অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছে পুলিশ। শতদ্রুর সংস্থার কাছে যাতে টাকা না পৌঁছোয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। মঙ্গলবার থানায় এই সংস্থাগুলির প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদ করা হবে। আয়োজনে তাঁদের ভূমিকা কী ছিল, তাঁদের তরফে কোনও গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখা হবে।মেসির কলকাতা-সহ ভারত সফরের প্রধান আয়োজক শতদ্রু। শনিবারই কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ওই দিন। আয়োজকদের অপদার্থতায় মাত্র ১৬ মিনিটেই মাঠ ছাড়তে হয় মেসিদের।
সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকে নিয়ে এসেছিলেন মেসি। ভিড়ের ধাক্কাধাক্কিতে সুয়ারেজের পেটে কনুইয়ের গুঁতো লাগে। হাতে নখের আঁচড় লাগে ডি’পলের। অত্যন্ত অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তাঁরা। মেসিকে বার করে নিয়ে যান তাঁর নিরাপত্তারক্ষীরা। এর পরেই ক্রুদ্ধ জনতা যুবভারতীতে ভাঙচুর চালায়। চেয়ার উপড়ে ছোড়া হয় মাঠে। হাজারো মানুষ মাঠের ভিতর ঢুকে পড়েন। পুলিশকে তাড়া করেন। পরিস্থিতি সামাল দিতে এক ঘণ্টার বেশি সময় লেগেছিল। সে দিনই মেসির সঙ্গে হায়দরাবাদে উড়ে যাচ্ছিলেন শতদ্রু। তাঁকে বিমানবন্দর থেকে ধরে আনে বিধাননগর পুলিশ।(Bidhannagar Police Commissionerate) রবিবার বিধাননগর মহকুমা আদালত শতদ্রুর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এ বার তাঁর সংস্থার কর্তাদেরও ডেকে পাঠাল পুলিশ।
ইতিমধ্যেই তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটিতে আছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীরা। রবিবার যুবভারতীর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন তাঁরা। নমুনা সংগ্রহ করেছেন। হয়েছে ভিডিওগ্রাফি। দীর্ঘ ক্ষণ স্টেডিয়ামের ভিতরে বৈঠক করেছে তদন্ত কমিটি। পরে সেখান থেকে বেরিয়ে প্রাক্তন বিচারপতি রায় জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে। কমিটির রিপোর্টে বিশদে উল্লিখিত থাকবে তাঁদের অনুসন্ধানের ফলাফল।




