কলকাতা: লিওনেল মেসির দর্শনের(G.O.A.T India Tour 2025) জন্য ভিড় যুবভারতী প্রাঙ্গণে। কিন্তু প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী। এরপরেই ক্ষুব্ধ দর্শকরা মাঠের মধ্যে তাণ্ডব চালাতে শুরু করে। এবার এ নিয়ে দু:খপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়োজকদের উপর ক্ষোভ উগরে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে এই ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে। থাকবেন মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিবরাও। গোটা ঘটনায় বিশদ তদন্ত করবে এই কমিটি। ঘটনার দায় কার, আগামী দিনে এহেন কাণ্ড আটকাতে কী পদক্ষেপ করা যেতে পারে-সমস্তই খতিয়ে দেখবে এই কমিটি। সম্ভবত দর্শকদের টাকা ফেরাতে নির্দেশ দেওয়া হতে পারে এই কমিটির মাধ্যমে।
যুবভারতীর ঘটনা(G.O.A.T India Tour 2025) নিয়ে এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, ‘সল্টলেক স্টেডিয়ামে আজ যে অব্যবস্থা দেখা গেল, তাতে আমি স্তম্ভিত, মর্মাহত। আমি স্টেডিয়ামে যাচ্ছিলাম, অজস্র ক্রীড়াপ্রেমীদের মতোই প্রিয় ফুটবলার মেসিকে দেখতে। এই দুঃখজনক ঘটনার পর আমি ক্ষমা চাইছি মেসির কাছে, সমস্ত ভক্তদের কাছে।’
উল্লেখ্য, শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পলকে সঙ্গে নিয়ে। কিন্তু আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি। তিনি হাসিমুখে হাত নাড়ছিলেন দর্শকদের দিকে। কিন্তু গ্যালারিতে বসে থাকা দর্শকরা সেটা দেখতেই পাননি। সেখান থেকেই রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী স্টেডিয়াম। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি।




