ভুবনেশ্বর: গোয়ার ঘটনার পরে এবার ভুবনেশ্বর! শহরের একটি পানশালায় ভয়াবহ আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই রুফটপ পানশালা।(Rooftop Bar) ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার রাজধানী শহরে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি এখনও পর্যন্ত।
ভুবনেশ্বরের সত্যবিহার এলাকার একটি পানশালা থেকে ধোঁয়া বেরতে দেখেন এলাকার বাসিন্দা। মুহূর্তের মধ্যে আগুন রেস্তরাঁরটিকে গ্রাস করে। রুফটপ পানশালাটি(Rooftop Bar) পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার সকালের এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে দমকল পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা।
ঘিঞ্জি এলাকায় আগুন পাশের ভবনগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলকর্মীদের তৎপরতায় বড় বিপদ আটকানো গিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাব বির্চে আগুন লাগে। রাত একটা নাগাদ আচমকা সেখানে আগুন লেগে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। গোয়ার মর্মান্তিক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণ হারানো পর ভুবনেশ্বরের এই অগ্নিকাণ্ড পানশালাগুলির ব্যবস্থাপনা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছে।




