মুর্শিদাবাদ: নির্বাচনের আবহে শনিবার জোরকদমে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনের শুরুতেই মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় রোডশো করেন তিনি। ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে আল-আমান শিক্ষা মিশন গ্রাউন্ড থেকে জিগরি মোড় পর্যন্ত এই রোডশো ঘিরে ব্যাপক জনসমাগম হয়।
এরপর মুর্শিদাবাদের লালবাগে সিংহী হাই স্কুল মাঠে জনসভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়ের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিরোধীদের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানান এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন।
মুর্শিদাবাদ থেকে তিনি সরাসরি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে পৌঁছন। সেলিমপুর মধ্য তরুণ সংঘ ফুটবল ময়দানে অনুষ্ঠিত জনসভায় কর্মী-সমর্থকদের ভিড় ছিল উল্লেখযোগ্য। সেখানে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন অভিষেক।
দিনের শেষ কর্মসূচি ছিল হুগলি জেলার পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে।
কোহিনুর রাইস মিল মাঠে প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে জনসভা করেন তিনি। একদিনে তিন জেলায় ধারাবাহিক প্রচারের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস যে পূর্ণ শক্তিতে ঝাঁপিয়েছে, তা স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।




