অমরনাথ: হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থযাত্রা অমরনাথ যাত্রার ২০২৬ সালের সূচি ঘোষণা করা হয়েছে। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের জানিয়েছে, আগামী ৩ জুলাই থেকে শুরু হবে এই যাত্রা এবং তা চলবে ২৮ অগাস্ট পর্যন্ত। রাখি বন্ধনের শুভ দিনে শেষ হবে এই পবিত্র তীর্থযাত্রা। মোট ৫৭ দিন ধরে চলা এই আয়োজন ঘিরে দেশজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
যাত্রার আগে ২৯ জুন, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হবে প্রথম পূজা। ভগবান শিবের আরাধনার মধ্য দিয়ে এই পূজা তীর্থযাত্রার আধ্যাত্মিক সূচনা করে এবং ভক্তদের কাছে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই যাত্রার মূল আকর্ষণ অমরনাথ যেখানে প্রাকৃতিকভাবে বরফের শিবলিঙ্গ তৈরি হয়। প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে এই পবিত্র গুহায় পৌঁছন।
যাত্রার দুটি প্রধান পথ পহেলগাঁও ও বালতাল। পহেলগাঁও পথটি অপেক্ষাকৃত দীর্ঘ হলেও সহজ, আর বালতাল পথটি ছোট কিন্তু অনেক বেশি খাড়া ও চ্যালেঞ্জিং। তীর্থযাত্রায় অংশ নিতে হলে অগ্রিম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ১৫ এপ্রিল থেকেই শুরু হবে এই প্রক্রিয়া।
দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্কের শাখায় গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, পিএনবি, এসবিআই এবং ইয়েস ব্যাঙ্কের ৫৫৪টি শাখা।
শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে। অমরনাথ যাত্রার পথ অত্যন্ত দুর্গম এবং উচ্চতায় অবস্থিত হওয়ায় প্রত্যেক তীর্থযাত্রীকে অনুমোদিত চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য শংসাপত্র সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া যাত্রায় অংশগ্রহণ করা যাবে না।
প্রশাসনের তরফে নিরাপত্তা, চিকিৎসা শিবির, লঙ্গর ও থাকার ব্যবস্থা জোরদার করা হচ্ছে। যাত্রার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি গরম পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখুন, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন, শারীরিকভাবে প্রস্তুত হয়ে যাত্রায় অংশ নিন, সরকারি নির্দেশিকা মেনে চলুন।





