স্বরূপনগর: ভোটের বহিরাগত সমস্যা নিয়ে ফের একবার সতর্কবার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। ভোটে অশান্তির জন্য আসছে টাকা, ড্রাগ ও আগ্নেয়াস্ত্র! অসমের মতোই বাংলাতেও ভোটে বিপুল জালিয়াতি করতে পারে বিজেপি! শুক্রবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তেঁতুলিয়া হাইস্কুলের মাঠে জনসভা থেকে এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির বিরুদ্ধে জোরালো অভিযোগ তুলে মমতা দাবি করেন, ‘অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে লোক ঢোকাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার অসমে ভোট দেওয়ানোর জন্য উত্তরপ্রদেশ থেকে ট্রেনে চাপিয়ে ৫০ হাজার জনকে নিয়ে যাওয়া হয়েছিল।’ তাঁর কথায়, শুধু অসমের মানুষ যদি ভোট দিতেন তো বিজেপির জেতা সম্ভব ছিল না। কিন্তু বহিরাগতদের দিয়ে ভোটদান করিয়ে জেতার চেষ্টা করেছে বিজেপি। একই কায়দায় বাংলাতেও ভোটে জেতার ষড়যন্ত্র করছে বিজেপি বলে আশঙ্কা তৃণমূল সুপ্রিমোর। সে বিষয়ে ভোটার থেকে কর্মী সকলকেই বাড়তি সতর্ক থাকতে অনুরোধ করেন নেত্রী।
এসআইআর-এ নাম কাটা প্রসঙ্গেও তোপ দাগেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যাঁরা বাতিল হয়েছেন তাদের নথি পত্র দিয়ে প্রমাণ করতে হবে। ট্রাইব্যুনাল এখনও কাজই শুরু করেনি এর মধ্যেই চৈত্র মাসের সেল হয়ে গিয়েছে। একটি সংবাদপত্রে দেখলাম, যে ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান।’ তবে বিষয়টি এখনও তৃণমূলের তরফে খতিয়ে দেখা হয়নি। এই বিষয়ে ব্লক স্তরে সমীক্ষার পর জানানো হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়, বিজেপি ‘দু-মুখো সাপ’, ‘জল্লাদ’। তাদের হাত থেকে বাংলাকে বাঁচাতে তিনি যতদূর লড়াই চালিয়ে যেতে হয় চালাবেন।
পাশাপাশি কাউন্টিংয়েও স্লো কাউন্টিং করে দলের এজেন্টদের মন ভেঙে দেওয়ার চেষ্টা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অনুমান, গণনার দিন ইচ্ছে করে বিজেপির এগিয়ে থাকা এলাকার ভোট আগে কাউন্ট করে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এজেন্টরা যাতে মাঝপথ থেকে আশাহত হয়ে ফিরে না আসেন, সেই নিয়ে কড়া নির্দেশ দেন নেত্রী। তিনি বলেন, ‘কাউন্টিংয়ের রেজ়াল্ট নিয়ে তবে বেরোবেন এজেন্টরা। তার আগে বেরোবেন না।’ ২৬-এর অগস্টের পরে দিল্লির সরকারকে টার্গেট করবে বাংলা বলে হুঁশিয়ারি দেন মমতা। তৃণমূল ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বিজেপিকে ‘গণতন্ত্রের থাপ্পড়’ দেওয়ার আর্জি জানান আমজনতার কাছে।




