চাকদহ: বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় প্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। এবার চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভায় হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সরব হয়ে মন্তব্য করলেন মমতা। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি”।
মমতা বলেন, ”লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠানো হচ্ছে। আমাদের থাকতে দিতে হবে, খেতে দিতে হবে। তার পরেও তাঁরাই বিজেপির হয়ে কাজ করবে। কেন্দ্রীয় বাহিনীকে আমি সম্মান করি। কিন্তু রাস্তা আটকালে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করবেন।বিজেপি মিথ্যে কথার ফুলঝুরি। ইলেকশনের সময়ে প্রতিশ্রুতি দেয়। কখনও ক্যাশ দেয়, কখনও গ্যাস দেয়।”
কেন্দ্র কমিশনের আতাঁত নিয়ে এদিন তিনি বলেন, ”কথা দিয়েও কথা রাখে না বিজেপি। বহিরাগতেদের বাংলা নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি। তাদের কথাতেই কমিশন কাজ করছে। নাম কাটছে, আর ভোট লুটছে। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। দল সবরকম সাহায্য করবে। অন্যান্য জনসভার মতো এখানেও তিনি আশ্বাস দিয়েছেন, একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেবেন না।”
এসআইআরে নাম বাদ নিয়ে সরব হয়ে তিনি বলেন, ‘’সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষ লোকের নাম তালিকায় উঠে গিয়েছে। গতকাল তালিকা বেরিয়েছে। বাদ বাকিটাও ট্রাইব্যুনালে আমরা চেষ্টা করছি। অনেক নাম বাদ গিয়েছে, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায়। উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। গাইঘাটা, চাকদহ, হরিণঘাটাতেও বাদ দিয়েছে।
এই মর্মে তিনি আশ্বাস দিয়ে বলেন, “কথা দিয়ে যাচ্ছি, একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেব না। মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমার কেন্দ্র ভবানীপুরেই ৪০ হাজার নাম বাদ দিয়েছিল। এখন দেখতে হবে কত নাম তুলেছে। তাতে আমার বয়ে গেছে। জেনে রাখবেন, আমি ওখানে মানুষের ভালোবাসায়, আশীর্বাদে এখানে ৩৬৫ দিন থাকি। বাংলায় BJP-কে শূন্য করতে হবে, বাংলার মাটিকে পুণ্য করতে হবে। এবারের ভোট আপনাদের ঠিকানা বাঁচানোর লড়াই। তৃণমূল থাকা মানে মনে শান্তি থাকা। জীবনে ভালো থাকা। উন্নয়নের ধারা অব্যাহত রাখা।”




