পুর্বস্থলী: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার যুদ্ধে নেমেছে রাজনৈতিক দলগুলি। এর মধ্যেই হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টিতে ভাঙন! হুমায়ুন কবীরের দলের পূর্ব বর্ধমানের জেলা সভাপতি পঙ্কজ গঙ্গোপাধ্যায়-সহ ৩০০ কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। সোমবার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুর্বস্থলীর সভায় তৃণমূলে যোগ দিলেন তাঁরা।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মোট ১৮২টি আসনে প্রার্থী দিয়েছে আমজনতা উন্নয়ন পার্টি। ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়েছেন তাঁর প্রার্থীরা। এই পরিস্থিতিতেই পূর্ব বর্ধমানে আমজনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পূর্ব বর্ধমানের জেলা সভাপতি পঙ্কজ গঙ্গোপাধ্যায়-সহ ৩০০ কর্মী সমর্থক। মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী দলের পতাকা তুলে দেন তাঁদের হাতে।
কয়েকমাস আগে হুমায়ুনের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি, দলবিরোধী আচরণের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। তারপরই নিজের দল তৈরির কথা ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। কথা মতো দল তৈরি করেছেন তিনি। আইএসএফ, সিপিএম-সহ সমস্ত বিরোধী শক্তির সঙ্গে জোট বেঁধে লড়ার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত পাশে পেয়েছেন শুধুমাত্র আসাদউদ্দিন ওয়েসির মিমকে। তবে আসন্ন নির্বাচনের আগেই দলে বড়সড় ভাঙনের জেরে বোঝাই যাচ্ছে মুখ থুবড়ে পড়তে চলেছে হুমায়ুনের দল। ভোটের আগেই আমজনতা উন্নয়ন পার্টির ভাঙন যে হুমায়ুনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে তা বলার অপেক্ষা রাখে না।




