সিকিম: টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিকিমে। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে পাহাড়ি রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক ধস নেমেছে। বিশেষ করে উত্তর সিকিমের লাচেন যাওয়ার প্রধান সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকা।
রবিবার সকালে উত্তর সিকিমে হঠাৎ করেই বড়সড় ধস নামে। প্রশাসন সূত্রে খবর, লাচেনগামী রাস্তার একাধিক অংশ ধসে গিয়েছে। কোথাও রাস্তা সম্পূর্ণ ভেঙে খাদে নেমে গেছে, আবার কোথাও বিশাল পাথর ও মাটির স্তূপে ঢেকে গিয়েছে পথ। ফলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে তারামচু এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে রাস্তার বড় অংশ কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কয়েক বছর আগে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর এই রাস্তায় নতুন করে সেতু তৈরি করা হয়েছিল। কিন্তু এবারের টানা বৃষ্টিতে সেই নতুন সেতুর একাংশ ভেঙে পড়েছে। ফলে উদ্ধারকাজ ও যোগাযোগ পুনরুদ্ধারের প্রচেষ্টায় বড় বাধা তৈরি হয়েছে।
পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন লাচেন যাওয়ার রাস্তা আপাতত বন্ধ ঘোষণা করেছে। সমস্ত ধরনের যান চলাচল স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় আটকে পড়া পর্যটক ও স্থানীয়দের উদ্ধারের কাজ শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন গ্যাংটকসহ মঙ্গন, সোরেংয়ের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কিছু এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে নতুন করে ধস নামার আশঙ্কা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতির ফলে সিকিমের পর্যটন শিল্পে বড় ধাক্কা লাগতে পারে। লাচেন এলাকা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও বারবার ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পর্যটকদের আগ্রহ কমতে পারে।




