মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে চড়ছে উত্তাপ। সেই আবহেই শুক্রবার মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee) জেলা তৃণমূল সূত্রে খবর, এই সভায় প্রায় এক লক্ষ মানুষের জমায়েত ঘটানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মেদিনীপুর শহর কার্যত সবুজ-সাদা রঙে ঢেকে গিয়েছে। শহরের প্রধান রাস্তা, গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় লাগানো হয়েছে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। শহরের প্রবেশপথ থেকেই বোঝা যাচ্ছে, আজ মেদিনীপুরে রাজনৈতিক মহাযজ্ঞ বসতে চলেছে।
মেদিনীপুর, ঝাড়গ্রাম ও ঘাটাল—এই তিনটি সাংগঠনিক জেলা থেকে হাজার হাজার কর্মী-সমর্থক সভায় যোগ দিতে রওনা হয়েছেন। জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাস্থলে প্রবেশের জন্য একাধিক গেট রাখা হয়েছে। প্রতিটি গেটে থাকবে স্বেচ্ছাসেবক দল, যাতে জনসাধারণকে কোনওরকম অসুবিধায় পড়তে না হয়।
পাশাপাশি সভাস্থলে পানীয় জল, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং জরুরি পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু বলেন,“মকর পরব চললেও ঝাড়গ্রাম জেলা থেকে প্রায় ৪ হাজার মানুষ আজ মেদিনীপুরে যাচ্ছেন। তাঁদের জন্য ৭০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বহু মানুষ ট্রেন ও ছোট গাড়িতে সভায় যোগ দেবেন।”
অন্যদিকে মেদিনীপুর সাংগঠনিক যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, “এই সভা শুধুই রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমাদের সাংগঠনিক শক্তির প্রদর্শন। হাজার হাজার ভলেন্টিয়ার মাঠে কাজ করছেন। শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাই আমাদের প্রথম লক্ষ্য।”(Abhishek Banerjee)




